বার্তা সংস্থা আবনা : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ আবারো বলেছেন, ইরাকে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি এক টেলিভিশন সাক্ষাতকারে আরো বলেছেন, সে সময়কার তার ওই সিদ্ধান্তে তিনি এখনো স্বস্তিবোধ করেন এবং রাতে তার ঘুম ভালো হয়।
অনেকেই মনে করেন, প্রেসিডেন্ট বুশের শাসনামলে ইরাক অভিযানই ছিল সবচেয়ে বেশি বিতর্কিত।
টেক্সাসের ডালাসে জর্জ ডাব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টারের উদ্বোধনীর আগ মুহুর্তে তার এ সাক্ষাতকার নেয়া হয়।
কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন জীবিত প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তারা হলেন- প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচ বুশ ও জিমি কার্টার। কেন্দ্রটিতে প্রেসিডেন্ট বুশের কঠিন সময়ের বেশ কিছু চিত্র বিশেষ করে নাইন ইলেভেনের হামলা, ইরাকে সামরিক আগ্রাসন, হারিকেন ক্যাটরিনা এবং ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময়কার গুরুত্বপূর্ণ তথ্য-চিত্র থাকবে। বুশ আশা করছেন, এ সব তথ্যচিত্র তার শাসনামলের কর্মকাণ্ড বিচার করতে ঐতিহাসিকদের সহায়তা করবে।
ইরাক অভিযান ও সাদ্দাম হোসেনের পতনের সিদ্ধান্ত নেয়ার কারণে রাতে বুশের ভালো ঘুম হয় কিনা -এমন প্রশ্নের জবাবে বলেন, "রাতে তার চমতকার ঘুম হয়।"